সাতক্ষীরার শ্যামনগরে পণ্য কিনতে গিয়ে জাল টাকার নোট দেওয়ার সময় ফয়সাল (১৫) নামে এক কিশোর ধরা পড়েছে। পরে তার দেহ তল্লাশি করে আরও চারটি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নওয়াবেঁকী বাজারে এ ঘটনা ঘটে। আটক ফয়সাল খুলনার পাইকগাছা থানার পাটকেলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফয়সাল নওয়াবেঁকী বাজারের শরিফুজ্জিলের মুদি দোকানে যায়। সেখানে প্রয়োজনীয় মালামাল কেনার পর মূল্য পরিশোধের সময় একটি ৫০০ টাকার নোট দেয়। নোটটি দেখে দোকানির সন্দেহ হলে বাজারের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।
একপর্যায়ে ফয়সালকে তল্লাশি করা হলে তার কাছে আরও চারটি ৫০০ টাকার নোট পাওয়া যায়। পরে পরীক্ষা করে পাঁচটি নোটই জাল বলে নিশ্চিত হন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তাকে জাল নোটসহ আটক করে থানায় নিয়ে যায়।
নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি বলেন, কিশোরটির কাছে জাল টাকা পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর আগে অন্য একটি বাজারে আরও ছয় হাজার টাকার জাল নোট লেনদেনের কথাও সে স্বীকার করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, জাল নোটসহ আটক কিশোর একটি জাল টাকা চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরে তার কাছ থেকে উদ্ধার করা জাল নোটসহ দুপুরে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি 









