লোনা জলের প্রতিকূলতা জয় করে খুলনা পাইকগাছার ৫নং সোলাদানা ইউনিয়নে তরমুজের ‘অফ-সিজন’ বা অসময়ের চাষাবাদে নতুন বিপ্লব ঘটছে। ঘেরের অনাবাদি আইল বা ভেড়িকে কাজে লাগিয়ে অফ-সিজনে তরমুজসহ বিভিন্ন সবজি ফলিয়ে দারুণ সাফল্যের মুখ দেখছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা কৃষি অফিসের দিকনির্দেশনায় চলতি মৌসুমে ইউনিয়নের প্রায় ১৫০ বিঘা জমিতে ব্যাপকভাবে শুরু হয়েছে এই আধুনিক ও লাভজনক কৃষি কার্যক্রম। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, সোলাদানা ইউনিয়নে বছরে প্রায় আট মাস লবণাক্ত পানি থাকায় সাধারণ ফসল ফলানো বেশ কঠিন। আর মাত্র চার মাস মিষ্টি পানির উপস্থিতি থাকে। এই চার মাসের সঠিক ব্যবহারের মাধ্যমে তিন বছর আগে সোলাদানা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহর উদ্যোগে পরীক্ষামূলকভাবে ভেড়িতে তরমুজ চাষের পরিকল্পনা করা হয়। গত বছর ইউনিয়নের প্রায় ৭৫ বিঘা জমিতে তরমুজ চাষ হলেও এবার তা দ্বিগুণ বেড়ে ১৫০ বিঘা জমিতে রূপ নিয়েছে। বর্তমানে ছালুবুনিয়া, খালিয়াচক, টেংরামারী (মাস্টারপাড়া), নায়েবখালী, পূর্ব দীঘা, দক্ষিণ কাইনমুখী ও বেতবুনিয়া গ্রামের মাঠজুড়ে চলছে পরিচর্যার কাজ। ঘেরের আইলে বাঁশের মাচায় সবুজ লতা ছড়িয়ে পড়ছে। নায়েবখালী গ্রামের কৃষক বাদল জানান, গত বছর মাত্র এক বিঘা জমিতে পরীক্ষামূলক তরমুজ চাষ করে মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা খরচে প্রায় ৮৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছিলেন। খালিয়াচকের হিমাংশু ও পলাশ সহ অনেক কৃষকই এখন বাণিজ্যিকভাবে এই চাষে ঝুঁকছেন। এমনকি তরমুজের পাশাপাশি পুঁইশাক, শসা, মিষ্টি কুমড়া ও উচ্ছে চাষ করে এক একজন কৃষক প্রায় ৭ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ জানান, মৌসুমের তুলনায় অফ-সিজনে তরমুজের উৎপাদন খরচ ও পোকামাকড়ের আক্রমণ অনেক কম। মিষ্টি পানির সঠিক ব্যবহারের মাধ্যমে ভেড়ি উঁচু করে তরমুজ চাষ কৃষকদের অর্থনৈতিক চিত্র বদলে দিচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, “উপকূলীয় প্রতিকূল আবহাওয়া ও লবণাক্ততার চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘেরের ভেড়িতে অফ-সিজন তরমুজ চাষ কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাধারণ সময়ের চেয়ে বাজারে এই অসময়ের তরমুজের চাহিদা ও দাম দুটোই অনেক বেশি পাওয়া যায়। কৃষকদের কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ সর্বদা মাঠে কাজ করে যাচ্ছে।” সংশ্লিষ্টদের মতে, অফ-সিজন তরমুজ চাষ কৃষকদের আর্থিক রূপান্তরের পাশাপাশি এই উপকূলীয় অঞ্চলের কৃষিতে এনেছে অভাবনীয় বৈচিত্র্য।
প্রেরক
শিরোনাম :
পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের নতুন বিপ্লব
-
পাইকগাছা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৫:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ৪০ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















