খুলনার পাইকগাছায় একটি ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামে আরএফএল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি (এসআর)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার সঙ্গে একই কক্ষে থাকা সহকর্মী অন্তর সরকার (২৩) পলাতক রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, বিশ্বজিৎকে হত্যা করে লাশ রুমের ভেতরে ফেলে রেখে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছেন অন্তর। এদিকে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে রাত সাড়ে আটটার দিকে খুলনা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে আনুষ্ঠানিকভাবে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেতারা গ্রামের হীরালাল দেউড়ী ও কল্পনা দেউড়ীর ছেলে। পলাতক অন্তর সরকার মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাসিয়াটলা গ্রামের লিটন সরকারের ছেলে। তিনি আরএফএলে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বিশ্বজিৎ ও অভিযুক্ত অন্তর গত প্রায় দুই মাস ধরে পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মন্ডলের দুই তলা ভবনের নিচতলায় একত্রে ভাড়া থাকতেন। গত সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা দুজনে স্থানীয় একটি দোকান থেকে নাস্তা করে রুমে ফেরেন।
পরদিন মঙ্গলবার (২১ জুলাই) তারা উভয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে আরএফএলের স্থানীয় ডিলার পশুপতি বাইন দুপুর ২টার দিকে তাদের বাসায় খোঁজ নিতে যান। সেখানে তিনি বাসার সামনে রক্তের দাগ এবং একটি ভাঙা ছুরি পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ পাইকগাছা থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমীর হামজা এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলীসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ বিশ্বজিতের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। ঘটনার পর থেকে অভিযুক্ত অন্তর সরকার তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রাত সাড়ে আটটার দিকে খুলনা থেকে সিআইডির একটি সুরতহাল ও ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন প্রযুক্তিগত ও ফরেনসিক আলামত সংগ্রহ শুরু করে। পুলিশের বক্তব্য: পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমীর হামজা জানান,
“সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করি। ঘরের বাইরে রক্তের দাগ ও ভাঙা ছুরি পাওয়া গেছে। রাত সাড়ে আটটার দিকে খুলনা থেকে সিআইডির বিশেষ টিম এসে তদন্ত ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
শিরোনাম :
সিআইডির তদন্ত শুরু
পাইকগাছায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার:
-
পাইকগাছা প্রতিনিধি - প্রকাশিত সময় ০৯:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- ৩৫ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















