মায়ানমারে পাচারের অপেক্ষায় থাকা কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকির ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি।অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।তবে কাউকে আটক করতে পারেনি।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আন্জুমান পাড়া ও বটতলী কবরস্থান মোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।সূত্রে জানা গেছে, নাফনদ তীরের ওই বাড়িটিতে স্থানীয় তিন ব্যক্তি মিয়ানমারে পাচারের জন্য ১৩০ বস্তা সার মজুদ করেছিলেন। তিন মজুদদার হলেন যথাক্রমে কামাল উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিনের (৪৫) নিকট থেকে ৭২ বস্তা, দুদু মিয়ার ছেলে সাগরের ২১ বস্তা ও নাজির উদ্দিনের ছেলে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ৩৭ বস্তা সার উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সারের বস্তাগুলো জব্দ করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক আসামি মোঃ মুফিজকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।আইন-শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য ও তদন্ত অনুযায়ী, উদ্ধারকৃত এই সারগুলো সীমান্ত পার করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইনে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল।
এই পাচার ও অবৈধ মজুদ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনের নাম উঠে এসেছে।
তারা হলেন, স্থানীয় গয়াল মারা গ্রামের আকবর আলীর ছেলে সোনা মিয়া ও তার ভাই ইউনুস, আনজুমান পাড়ার আবদুল জব্বারের ছেলে নুর মোহাম্মদ, পশ্চিম পালংখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়া এবং পূর্ব ফারির বিল গ্রামের দুদু মিয়ার ছেলে সাগর।
এ ব্যাপারে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন বলেন জব্দকৃত সার গুলো বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
অভিযানে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহমুদ এবং বিজিবির সুবেদার তরিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 









