চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের চালের দোকান, মিষ্টি তৈরির কারখানা, ঔষধের দোকান, সার ও বীজের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের মান, স্বাস্থ্যবিধি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয় তদারকি করা হয়।
অভিযান চলাকালে মো. শুকুর আলীর মালিকানাধীন ‘মিষ্টি বাড়ি’ নামের প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সনদ ছিল না, উৎপাদিত দইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি এবং খাদ্য প্রস্তুতে শিল্প লবণ ব্যবহার করা হচ্ছিল।এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য, ঔষধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা
-
জীবননগর ( চুয়াডাঙ্গা)প্রতিনিধি - প্রকাশিত সময় ০১:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- ৮৩ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















