চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা-পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জ জেলার চাষিরি থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু উপজেলার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, গত ৪ জুলাই সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাস (৪৮) দক্ষিণ মাঠে নিজের কৃষিজমির সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা ট্রান্সফরমার থেকে তামার কয়েল ও ভেতরের তেল চুরি করে নিয়ে যায়। এতে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
একই দিনে একই মাঠের অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তাঁর একটি ট্রান্সফরমার থেকে তামা ও তেল চুরির অভিযোগ করেন। এ ঘটনায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে ৪ জুলাই জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে জীবননগর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপার, বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। শুক্রবার সকালে জীবননগর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি সোলায়মান শেখ গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে সেখানকার মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
শিরোনাম :
জীবননগরে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
-
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি - প্রকাশিত সময় ০৬:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- ৩৫ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















