সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। বাসটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে থাকে। তবে দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, দূর্ঘটনার পর নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে গেছে স্থানীয়রা। দুর্ঘটনার বিষয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
সাতক্ষীরা প্রতিনিধি 














