পূর্ব সুন্দরবনের মৃগামারী খালে শনিবার ভোর রাত তিনটার দিকে হরিণ ধরার ফাঁদসহ ৪ শিকারীকে আটক করেছেন বনরক্ষীরা| এ সময় নৌকাসহ আড়াই মণ কাকড়া ও নিষিদ্ধ চারু জব্দ করা হয়েছে| আটক শিকারীদের শনিবার (৪ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে|
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাদপাই ফরেষ্ট ষ্টেশন ও আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে শনিবার (৪ জুলাই) ভোর রাতে সুন্দরবনের মৃগামারী খালে অভিযান চালিয়ে নৌকাসহ চার হরিণ শিকারীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়| এ সময় নৌকায় তল্লাশী চালিয়ে ৩শ ফুট হরিণ ধরা মালা ফাঁদ, ৭টি ঝুড়িতে রাখা আড়াই মণ কাকড়া ও কাকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারুসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন বনরক্ষীরা| আটক শিকারীরা হচ্ছে, মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের একাধিক বন মামলার আসামী ফরিদ হাওলাদার (৩০), আতাউর খান (২৮), মোজাম জোমাদ্দার (২৯), ও রুহুল জোমাদ্দার (৩০)|
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে| নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার ভোর রাতে মৃগামারীতে আটক এই ৪ হরিণ শিকারী সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের অপচেষ্টা চালায় এবং কাকড়া ধরে| আটক ফরিদ একজন কুখ্যাত হরিণ শিকারী| তার বিরুদ্ধে একাধিক বন মামলা চলমান রয়েছে| জেল থেকে জামিনে বের হয়ে সে আবার হরিণ শিকারে নেমে পড়ে| আটক ৪ শিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| তাদেরকে শনিবার (৪ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে বলে ডিএফও জানান|
শিরোনাম :
সুন্দরবনে ফাঁদ, কাকড়া ও চারুসহ আটক ৪
-
শরণখোলা (বাগেরহাট )প্রতিনিধি - প্রকাশিত সময় ০১:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- ৪৫ পড়েছেন
Tag :
জনপ্রিয়
















