হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বহুল আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে হঠাৎ বুকে তীব্র অস্বস্তি ও ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হৃদযন্ত্রে আগে থেকেই দুটি রিং (স্টেন্ট) বসানো রয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন।
বৃহস্পতিবার ভোট দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেন।
হাসপাতালের বহির্বিভাগের প্রেসক্রিপশন অনুযায়ী, দুপুর ৩টা ৩৯ মিনিটে ডা. রাহাতুল ইসলামের তত্ত্বাবধানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তার ইসিজি (ECG) করা হয়।
বর্তমানে তিনি ডা. মোহাম্মদ বদিউজ্জামানের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকেরা তার পূর্বের হৃদরোগের ইতিহাস বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে গাজী নজরুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় স্ত্রী মাকসুদা খাতুন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও পারিবারিক সূত্র জানিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তিনি ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
পরে বিষয়টি নিয়ে সাংগঠনিক তদন্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২২ জুলাই ২০২৬ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রে সে সময় বলা হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকা সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি 














