নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় ট্রাক চাপায় ঘুমন্ত কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম সেতু। সে স্থানীয় নলদী বাজারের কাঁচামাল ব্যবসায়ী হাফিজারের মেয়ে। দুর্ঘটনায় গুরুতর আহত তার আরেক বোন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা গেছে রোববার দিবাগত গভীর রাতে নড়াইলের লোহাগাড়া উপজেলার নলদী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরের উপর গিয়ে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে ছিল নলদী এলাকার বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী হাফিজারের পরিবারের সদস্যরা।
ট্রাক চাপায় ঘটনাস্থলেই হাফিজারের মেয়ে সেতুর মৃত্যু হয়। সেতুর আরেক বোন গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানান, রোববার রাত আনুমানিক ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী বজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা প্রায় ২ ঘণ্টা ধরে পাথর ও ট্রাকের অংশ সরিয়ে সেতু কে মৃত অবস্থায় এবং তার বোনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল প্রতিনিধি 















