পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির ঘটনায় আকতার হোসেন নামে মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ কবির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেনকে একমাত্র আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন নিয়ম নীতির তোয়াক্কা না করে ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের ৫৮৭ কেজি নতুন বই ফেরিওয়ালাদের কাছে বিক্রি করেন। ফেরিওয়ালা জাকারিয়া জানান, কিছু দিন পূর্বে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের কাছ থেকে কয়েক হাজার টাকার সরকারি বই ও খাতা কিনেছিলেন তিনি।
পরবর্তীতে ২৬ জুন পাঠ্যবইগুলো ট্রাকের উঠানোর সময় উপজেলা প্রশাসন ট্রাকটি জব্দ করেন। এসময় ট্রাকটি থেকে প্রাথমিক বিদ্যালয়েরও বেশ কিছু বই উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকের বই কারা বিক্রি করেছেন তার কোন হদিস পাওয়া যায়নি। এদিকে সরকারি বই জব্দের সংবাদ
বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা ব্যাপী ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। একপর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ কবির হোসেন বাদী হয়ে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনকে আসামী করে সরকারি বই আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 












