পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিপন্ন বন্যপ্রাণী তক্ষকসহ দক্ষিণাঞ্চলের বন্যপ্রাণী পাচারকারী চক্রের মূল হোতা সুমন আকন (৪৫) কে আটক করেছে পুলিশ| শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়ার মুসলিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়| পরে উদ্ধারকৃত তক্ষকটি বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়েছে|
গ্রেপ্তারকৃত সুমন আকন ভাণ্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বারেক আকনের ছেলে| সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলে বন্যপ্রাণী ও তক্ষক চোরাচালান সিণ্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আসছিল|
পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বাড়িতে তক্ষক বেচাকেনার গোপন খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার দুপুরে তার বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়| অভিযানকালে তার ঘর থেকে তক্ষকটি উদ্ধার করা হয়| বিক্রির উদ্দেশ্যে বন্যপ্রাণীটি অবৈধভাবে নিজ হেফাজতে রাখায় তাকে আটক করা হয়| এই অভিযানে অংশ নেন ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন হোসেন, কামরুজ্জামান ও রফিক|
তক্ষকটি উদ্ধারের পর বন্যপ্রাণীটির সুরক্ষায় সেটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন| পরবর্তীতে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষকটিকে সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে (বনে) অবমুক্ত করেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান|
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আটককৃত সুমনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে|
অপরাধ রেকর্ড পর্যালোচনা করে জানা যায়, এটি সুমনের প্রথম অপরাধ নয়| এর আগেও ২০২৩ সালের ২৫ জুন রাতে সুমনসহ আরও চারজনকে বিপুল পরিমাণ অর্থ মূল্যের তক্ষকসহ আটক করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী| তবে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে সিণ্ডিকেট আরও শক্তিশালী করে চোরাচালান চক্রের হাল ধরেন|
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 













