পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে|
শনিবার বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া জাল বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান|
অভিযান সূত্রে জানা গেছে, জাল বাজার সংলগ্ন স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ের চারটি গোডাউনে আকস্মিক তল্লাশি চালানো হয়| এ সময় গোডাউনগুলো থেকে দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, চাই বুসনা, চরঘেরা ও ছোট বাঁধা জাল জব্দ করা হয়| পরে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল স্থানীয় লঞ্চঘাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়|
অভিযান চলাকালে চারজন গোডাউন মালিকে মধ্যে দুইজনকে পাওয়া গেলেও বাকি দুইজন কৌশলে পালিয়ে যান| উপস্থিত পাওয়া দুই হলেন জিয়ানগর উপজেলার পাড়ের হাট এলাকার মোসলেম উদ্দিন খানের পুত্র রেজওয়ান খান (২৫) এবং ভাণ্ডারিয়া সদরের লতিফ হাওলাদারের পুত্র জয়নাল হাওলাদার (৬০)| তাদের প্রাথমিক সতর্কবার্তা ও ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসায় না জড়ানোর কঠোর আলটিমেটাম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে|
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র রক্ষায় যেকোনো ধরনের অবৈধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে| স্থানীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান ও নিয়মিত মনিটরিং আগামীতেও অব্যাহত থাকবে|
অভিযানকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 













