নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১৮ বছর পলাতক আসামি মোঃ আজিম হাওলাদারকে (৩১) অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)| মঙ্গলবার রাত ১০ টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে ঢাকা কেরানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃত আজিম ভাণ্ডারিয়া থানার উত্তর শিয়ালকাঠি গ্রামের মোঃ ইসলাম ওরফে ইসমাইলের ছেলে|
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকার কেরানিগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়|
মামলার বিবরণী থেকে জানা যায়, আজিম হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ মে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১০, জিআর নং-৭২/২০০৮)| পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন|
সাজা ঘোষণার পর থেকেই আসামি আজিম অত্যন্ত চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল| আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটি কার্যকর করার জন্য ভাণ্ডারিয়া থানায় পাঠানো হয়| দীর্ঘদিন পলাতক থাকলেও র্যাব-৮ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান পরিচালনা করে| গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রথমে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়|
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাজাপ্রাপ্ত আসামি আজিমকে ইতিমধ্যেই ভাণ্ডারিয়ায় আনা হয়েছে| তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে|
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 













