কুষ্টিয়ার খোকসায় ২০২৫ সালের প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ১২৩ জন কৃতী শিক্ষার্থীকে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ পারভিন এবং মোঃ জিল্লুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে খোকসা উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে মেধার স্বাক্ষর রেখে ৩৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৮৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 















