কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধান, পেঁয়াজ ও গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বালাই নাশক ও পলিথিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালেদা বিন মনসুর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোকন হোসেনের সঞ্চালনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ২০ কেজি করে এমওপি সার, বালাইনাশক ও পলিথিন; এবং ১৮৫ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড শাক-সবজি বীজ ও ৫ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান বলেন, “সরকার কৃষকদের উন্নয়নে সবসময় তৎপর। আজকের এই উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং উৎপাদন বাড়বে বলে আমরা আশা করি।”
নবাগত ইউএনও খালেদ বিন মনসুর বলেন, “কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 















