কুষ্টিয়ার খোকসা উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প”-এর আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সভায় কিশোর-কিশোরী ক্লাবসমূহের ২০২৬ সালের কার্যক্রম, ক্লাবের সুষ্ঠু পরিচালনা এবং এর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ প্রাথমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,
”কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে এই ক্লাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাব ম্যানেজমেন্ট কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা সুমনা , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। সভায় উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি 















