কুষ্টিয়ার খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘জাতীয় ফল মেলা-২০২৬’। “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা কৃষি অফিসের সবুজ চত্বরে মৌসুমী ফল মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) ফিতা কাটার মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ সূচনা করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “ফল চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বছরব্যাপী পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল আজ গ্রামীণ অর্থনীতিতে দৃশ্যমান।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমাদের এই অঞ্চলের মাটি ও জলবায়ু ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। মেলায় এবার প্রায় ৪০ রকমের দেশীয় ও বিদেশী মৌসুমী ফল প্রদর্শন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে বিভিন্ন দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং কৃষকদের উন্নত জাতের ফল চাষে উৎসাহিত করা।”
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় প্রদর্শিত ফলসমূহের মধ্যে আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, ড্রাগন ফল, মাল্টা, জামরুলসহ হরেক রকমের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় দেশীয় ফল স্থান পেয়েছে।
খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি 















